Showing posts with label কবিতা. Show all posts
Showing posts with label কবিতা. Show all posts

Tuesday, April 7, 2020

প্রশ্বাসে তোমার পৃথিবীর শুদ্ধি

প্রশ্বাসে তোমার পৃথিবীর শুদ্ধি

খাপ খোলা সিরিঞ্জ সূঁচে তীক্ষ্ণ চিমটি কাটার মতন,
একটা ঠাণ্ডা হাওয়া দরজার নিচ দিয়ে খবরের কাগজের মতন ঘরে ঢুকে
এইমাত্র ছুঁয়ে গেল পুরুষালি বুক।

খবর পেলাম:
অনেক দূরে - ঘুমোচ্ছো তুমি
বেশ স্বস্তি-শান্তির নিবিষ্ট নিবিদ ঘুম;
পবিত্র তোমার প্রশ্বাসে পৃথিবী ফিরে পাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।

-----------------------------
০৪ ঠা এপ্রিল, ২০২০

Wednesday, March 11, 2020

কবি তাঁর কথা

কবি তাঁর কথা



কয়েকটা পৃথিবীর সে নক্ষত্র-
তাকে আবর্তন করে নামে সকাল সন্ধ্যা।
দুপুর হয়-
রোদ হয়ে সে পা রেখে যায় বুকের 'পর।
এবেলা-সেবেলায় কথা কয়- ফিসফিস
ঠোঁটে তার লেপ্টে থাকে অব্দ পুরান শব্দ,
সে কবি? কবিতার কথা?
নাকি কবি তাঁর কথা?

Sunday, March 8, 2020

অন্তর্বর্তী অপেক্ষা

অন্তর্বর্তী অপেক্ষা



ধীরে ধীরে মুখস্থ করে নেই যাবতীয় তোমার অভ্যাস-
তিন পা হেঁটে গেছো ডানে, বলতে পারি এবার যাবে উত্তরে-
সকাল দেখে বলতে পারি সন্ধ্যা;
তবুও বুঝতে পারি না, বলতে পারি না-
এখন এই মুহূর্তে, নাকি ভালোবাসবে আরও আরও পরে

(৮/৩/২০)

Thursday, February 27, 2020

মনোপ্যাথি

মনোপ্যাথি

মধ্য দুপুরে আমি ভেবেছি একটি পূর্ণ দিনের কথা
শুধু একটি দিন নিজের মনে মনে কাটিয়ে দিতে চাই
অসহায় পিতা নিজ সন্তানের হাত কামড়ে খাওয়ার আগে,
আমাদের কথা ফুরিয়ে যাওয়ার আগে
জমিয়ে রেখে কিছুটা পরবর্তী প্রজন্মের জন্য,
মনোপ্যাথি, তুমি আমায় একটি পূর্ণদৈর্ঘ্য দিন দাও
মনোপ্যাথি - ছুটি দেবেনা আমায় তুমি?

কবিতার বইয়ের উৎসর্গপত্রটি লিখে ফেলার আগে
শোবার ঘরে মিথ্যে কথায় গুমট বাতাসে দম বন্ধ হবার আগেই
ক্ষিপ্ত আঙুলে কপালে সিঁথির দাগ মুছে যাবার আগেই
শিথিল দেহে এনে দিও প্রাণের ঝুমুর ঝুমরি।

প্রেমিকার নাম প্রাক্তন হওয়ার আগেই
মনোপ্যাথি তুমি এনে দিও স্বর্ণ-লতিকার কোমল সন্ধ্যা,
গ্রীষ্মের উত্তাপ শেষে না হয় জীবন
তুমি আমি হয়ে যাব পর্ণমোচী বৃক্ষ।

ভেজা বেলেমাটির উপরে দাঁড়িয়ে ভাবি,
একবার আকাশ থেকে নিচুটা দেখতে পেলে ভালো হত,
হয়ত ঘুচে যেত যত সব সংকীর্ণতা আমার।

বেলেমাটি! বেলেমাটি !
পা দু'টোকে রেখো না ধরে;
পা'য়ের উপরে শরীরই থাকে মনের কোন পা থাকে না।
কপালের তাপ কমাতে রয়েছে হোমোপ্যাথি-এ্যলোপ্যাথি
মনের জ্বর কমাতে আছে কি কোন মনোপ্যাথি ?

Wednesday, February 26, 2020

আমি !

আমি !

 
 
আমি:
সেইসব ভ্রম, যা তুমি দেখতে পাও আধো আলোতে

আমি:
সেই নুড়ি পাথর,
তুলবে তুলবে করেও কুড়াও নি যা'কে
চুলে ঠেলে উদম পিঠে হেঁটে গেছ বেসামাল বাতাসে।

আমি:
সেই বালুকাবেলা-
যেখানে ডুবেছে সূর্য-চাঁদ রোজ-
মৈথুন হয়েছে ফেনীল মোহনার!
কেবল ডুবে নি টিপে টিপে হাঁটা বুড়ো আঙুল।

আমি:
এতটাই ছোটলোক
নিজের মত ছোটলোক কক্ষনও দেখনি আগে।

26/2/2020

Monday, February 24, 2020

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়!

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়!





ভালোবাসা লেখ না কেন, অল্প শব্দে ডান থেকে বামে উর্দু গজলের মতন!

দুটো বাঁকা দাগ আঁকো না কেন?
জানো না? দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়!

ছবিঃ নিজ
০৩/১২/২০১৯

Wednesday, January 15, 2020

বিদিত

বিদিত




সন্ধ্যে নামলে চোখ পোড়ায়-
চোখের মধ্যে আহ্নিক গতিতে আবর্তন করো তুমি।
গায়ের 'পর চাদর, চাদরের বুকে জমিন; 
জমিনে কথা গাছ।

সূর্যোদয়ের মতন প্রত্যেকদিন বোধেরও উদয় হয়
নরওয়ের মধ্যরাতের সূর্যোদয়ের মতন
রাত্রে গভীর রাত্রে;
বোধ উদয় হয়
এখন
এখানে
তুমুল রাত্রে

Saturday, January 4, 2020

আজ একাদশী তিথি

আজ একাদশী তিথি


বুধ থেকে শুক্র, রবি থেকে মঙ্গল-
আজ দেখা পাইনি তোমার।
আজ সকাল থেকে সন্ধ্যা খাইনি কিছু;
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ একাদশী তিথি।

ঘুমুচ্ছো তুমি-
রেগে নেই, ক্রোধে নেই-
অল্প একটু ভালো নেই,
ঘুমন্ত মানুষের উপর রেগে থাকতে নেই।

বুকের মধ্যে মাটি-
যার বুকে মাটি তার বুকে কথা গাছ।
আমি মরে যাব কথা না বলে-
আমি মরে যাব তোমাকে না দেখে-
আজ দেখা পাইনি তোমার
আজ শনি, আজ নির্জলা একাদশী তিথি।

Tuesday, December 17, 2019

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়

দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়





খুব ভোরে মাদুর পেতে নতুন হারমোনিয়াম টেনে,
কপালে বুকে যীশুর স্পর্শ নিয়ে নীচু স্বরে স্বরগ্রাম চর্চা করার মতন,
এমন প্রেমে পড়ো না কেন?

স্কুল-ব্যাগ আর জলের বোতল হাতে গেটের বাইরে দাঁড়িয়ে থাকো না কেন?
বাবাদের মতন!
ভালোবাসা লেখ না কেন, অল্প শব্দে ডান থেকে বামে উর্দু গজলের মতন!

দুটো বাঁকা দাগ আঁকো না কেন?
জানো না? দু’টো বাঁকা দাগ পাশাপাশি থাকলে চুমু হয়! 
সওদা করে দিয়েছি বেঁচে চাঁদ

সওদা করে দিয়েছি বেঁচে চাঁদ




বাতাসের প'র ঠেসে ধ'রে বাতাস-
এই নাও দিলাম স্বাক্ষর!
শীত তোমার, রাত তোমার- শৈত্যপ্রবাহ তোমার-
অভিমানী ও চাঁদ; তোমার!
আমার রইলো পরে দিন-
সারাদিন-
পরিষ্কার দিব্যলোক!
এত ঋজুতা - এত আলোকরশ্মি,
পাপ কীভাবে করি?
রাত্রির কাছে সওদা করে বেঁচে দিয়েছি পৃথিবীর অর্ধেক,
বাকী অর্ধেক;
ঠোঁট ঠেসে ধ'রে ধরে কপালে তোমার এঁকেছি প্রগাঢ় কালচে টিপ!


(১৬/১২/২০১৯)

Monday, October 21, 2019

এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!

এসো জল! শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!


ক্যারিবীয় বাতাস উড়ে আসো - ঝড় ঘূর্ণি হয়ে আসো
শোনো, আহ্বান করছি তোমাকে আমি। 
আসো মধ্যরাতের ঘূর্ণিঝড়, টর্নেডো হ্যারিকেন-
গাছ, উপড়ে পড়ো হাজার মেগাওয়াট বৈদ্যুতিক থামের উপর।


বৃষ্টি,
মেঘের বুকে হাতুড়ি পেটা করে এসো-
এমনভাবে এসো যেন, দীর্ঘ চৈত্রের পর আসছো তুমি।
নাচো জল মাহারি, ফেলে বাহারি পা
নাচো পুরুলিয়া ছৌ নাচ।


মাটি কাঁপতে থাকো-
কাঁপতে থাকো, কাঁপতে থাকো;
কাঁপতে থাকো ঠাণ্ডা বৃষ্টি জলে থরথর ভেজা ঠোঁটের মতন- 
কাঁপতে থাকো- মাপতে থাকো কম্পন স্পন্দন।


সমুদ্র স্ফীত হও; জলোচ্ছ্বাস তৈরী হও
সুনামি শ' ফুট হও।
অক্টোপাস সঙ্গম করো না,
নীল হাঙর হিংস্র হও, হিংস্রতম হও
কেটে দাও সমুদ্রে ফাইবার অপটিকস; বিচ্ছিন্ন করে দাও যাবতীয় যোগাযোগ! 


বন্যা, এসো ভেঙে দাও বাঁধ
প্লাবিত হও রাস্তাঘাটে,
ডুবিয়ে দাও রেল লাইন
নদীবন্দর, দেখাও তিন পতাকা!


এসো জল!
শরীর থেকে মুছে দাও বসন্তের দাগ!
কপাল থেকে উঠিয়ে দাও তিলক চিহ্ন। 
আমি একা থাকব, একা থাকব
নিরবচ্ছিন্ন বিচ্ছিন্ন থাকব।

দুপুরের সন্ধ্যা

দুপুরের সন্ধ্যা



বড্ড দুপুর হলেই-
মন চায় গুছিয়ে সংসার করি- ঝাড়পোছ করি।
করবি এমন সংসার? একবেলা-আধাবেলা?
দুপুর জানালা বন্ধ করে
বাতি নিভিয়ে পরিয়ে দেব সিঁদুর!
রাখবি? আমার বুকের 'পর রোদের মতন পা?

বড্ড দুপুর হলেই দম আটকে আটকে আসে
অনুমতি চাইব পরবর্তী নিঃশ্বাস নেবার, দিবি?
নাকি মেরেই ফেলবি বেদম আমায়!

ঘোর দুপুরে আমরা দু'টি ম্লেচ্ছ যখন খেলব বর কনে-
শরত বলেবে এসেছে সে, যাবি কাশের বনে?
বক পালকের টায়রা এনে মাথায় দেব তোর-
রজনীগন্ধা ডাঁটা চিবিয়ে চুমু খাবো তোর পায়ে;
বুকের মধ্যে সলতে হব, হব আগুন উত্তাপ-
হবি আমার দুপুর বেলার ঘর?

সন্ধ্যা বাতি, সন্ধ্যা বাতি -
আমরা ছাড়ব ঘর,
আমরা হব অন্যকিছু নয় কনে আর বর!

তুই আমার 'মাটি মূর্তি' আর আমি পীলসুজ!
তুই আমার পড়ার ঘরে পূর্ণ আয়োজন-
তুই আমার আ থেকে উ
তুই আমার চক স্লেট আর উদ্ভট শ্লোক,
তুই আমার সন্ধ্যা বেলায় দুপুর বেলার কেউ!

ব্যবচ্ছেদ

ব্যবচ্ছেদ




জলের উচ্ছ্বাস দেখে নাম দিয়েছি জলোচ্ছ্বাস
পাহাড়ের চূড়া দেখে ভেবেছি ওটা ঈশ্বরের বুকের বৃন্ত
নিজের মত এমন ইতর অসভ্য ছোটলোক; কক্ষনও আগে দেখিনি, 
সমুদ্রের ফেনা দেখে মনে মনে খুব ভেবেছি ফ্যালোপিয়ান টিউবের কথা-
ইচ্ছে করেছে আবার শুয়ে থাকি ওখানে, নরমে: রেশম উষ্ণতায়।

স্বাদেশিক বৈষম্য, স্বায়ত্তশাসন আর কিছু পাকাপোক্ত অসুখ -
নানাবিধ সভ্যতার তুমুল আগ্রাসনে ভুলে গেছি অসভ্যতা করতে।
নিজেকে হরহামেশাই মাকড়শার মতন লাগে -  
মনে হয় অষ্টপ্রহর আটদিকে সুতায় বেঁধে আমাকে নিয়ে চলছে টানাহ্যাঁচড়া;
কিসে যেন বুকের মধ্যে তুমুল হাতুড়ি-পেটা
তবুও -
তবুও -
নারীর অবহেলা তবু সহ্য হয়, রাষ্ট্রের নয়।

সুন্দর`কে আমি সুন্দর বলতে পারি না-
অতীত`কে অতীত বলতে পারি না-
ভালোবাসা`কে আমি আদর করে ভালোবাসা বলতে পারি না;
নিজেকে বোঝাতে পারি না- 'আমি ফুরিয়েছি বর্তমানে'

Sunday, September 15, 2019

অটোপসি

অটোপসি




যে পাহাড়ে যাব যাব করে মনে মনে ব্যাগ গুছিয়েছি অন্তত চব্বিশবার-
একবার অটোপসি টেবিলে শুয়ে নেই-
পাহার, ঝর্ণা, জংগলের গাছ, গাছের বুড়ো শিকড়- শেকড়ের কোটরে পাখির বাসা;
সবকিছু বেরিয়ে আসবে শরীরের ভেতর থেকে,
বুকের মধ্য দিয়ে বের হয়ে আসবে হামিংবার্ড আর রক্তে সাঁতরে বেড়াবে ডলফিন পরিবার।

 
একবার অটোপসি টেবিলে শুয়ে নেই -
গলগল করে পেট থেকে-
গলার নালী পুড়ে পুড়ে মুখ দিয়ে
বেরিয়ে আসবেঃ
অতি সতর্ক থিসিস পেপার, যত্নের প্রেমিকাকে লেখা চিঠিপত্র, দুমড়ে যাওয়া বাজারের ফর্দ, কবিতার খসড়া, পুণ্যবতী চাঁদ, পায়ে না লাগানো সমুদ্রের জল-বেলাভূমি, আর সতেরো ডিজিটের জাতীয় পরিচয়পত্র।

একবার আসুক অটোপসি রিপোর্ট-
মর্গের ডোম জানবে নিশ্চয়ই;
হৃদপিণ্ডের কোণ প্রকোষ্ঠে সঞ্চিত রক্ত আর কোণ প্রকোষ্ঠে ভালোবাসা!
ভালোবাসা ব্যাপারটা ও’ বুঝেছে, অলিন্দ নিলয় কেটে-কুটে।
কারণটা জানা দরকার খুব,
ঠিক কীভাবে মরবো সে ব্যাপারে কিছুই ভেবে উঠতে পারি নাই এখনো।


১৫ ই সেপ্টেম্বর, ২০১৯

Tuesday, September 3, 2019

মানচিত্রের মতন- পৃথিবী আমার

মানচিত্রের মতন- পৃথিবী আমার

বরফ দেশের পেঙ্গুইন বাচ্চাদের উচ্ছ্বাসের মতন-
তোমার কপালের ‘পর
সকালে প্রথম চুমু খায় এন্টার্কটিকা।
পেটের উপর ভূ-মধ্যসাগর, আল্পস আন্দিজ;
সূতা ভিজে যাওয়া লবণ ঘামে-
আফ্রিকা-ব্রাজিল রেইন ফরেস্ট।
দুপুরের ডিহাইড্রেশনে-
বুকের উপর মিশরীয় সভ্যতা।
তপ্ত রোদে- হৃদয়ে যখন রক্তারক্তি
তুমি তখন, ক্ষত বিক্ষত ইরাক সিরিয়া-
প্যালেস্টাইন- জেরুজালেম।
সকালে আটলান্টিক, কুইন্সল্যান্ড-
বিকেলে উত্তর কোলকাতা, শিলং – দার্জিলিং।
পাহাড়িয়া রাস্তা, সাঁওতাল গাঁ-
ঠিক যেন, কপালের দু’পাশ থেকে বেয়ে নামা আসা পার্সি নারীদের জুলফি।
সন্ধ্যায় –
পায়ের উপর জল এসে চুমু খেতে খেতে
নখের ডগা বদলে গেছে প্রবাল প্রাচীরে।
লোমকূপে জমা সামুদ্রিক লবণ
চুল উড়ে যাওয়া বেতাল বাতাসে-
তুমি তখন
উত্তর আমেরিকান ওশেনগার্ল কিংবা বাংলাদেশে ‘সমুদ্রকন্যা’।
দক্ষিণ এশীয় অঞ্চলে –
আন্দামান নিকোবর- ধন-মানিক দ্বীপপুঞ্জে
গলদা চিংড়ির লার্ভার মতন থলথলে
কখনওবা ইলিশ ডিমের মতন দাঁতের নিচে ঝুড়ি-ভাঙা জীবন।
স্বাধীনের আগে – পরে
পাক-মোটর – বাংলামোটর
স্থল বন্দর, সমুদ্র বন্দর-
মংলা- ভেনিস- বিশাখাপত্তনম- চিটাগাং;
এত বৈচিত্র্য
এত জীবন
পৃথিবীর মতন –
প্রেমিকার মতন,
ক্ষত চিহ্নের মতন
করে যাচ্ছ ধারণ শরীরে তোমার,
জন্ম দাগের মতন তেতিয়ে ওঠা সীমান্ত রেখা।
শরীর মানচিত্রের মতন-
ছোট বড় অসংখ্য দাগে সয়লাব;
বিভাজন রেখা জমে জমে সাত সাতটি মহাদেশ নিয়ে
তুমি হয়ে গেছ দ্বাবিংশ শতাব্দীতে পৃথিবী আমার।

Saturday, August 24, 2019

পাশের ঘরের কবি

পাশের ঘরের কবি



বাক্স পেটরা বেঁধে ভ্যানে করে সবে নেমেছি- একুশের দুই/পাইকপাড়া-
শ্রাবণে-পৌষে সবে মাস চার- ছিলাম বিহারি-পল্লী;
আজ এই এলাকা তো কাল ঐ মহল্লা-
পোয়াতি মাছেদের মত আমিও খুঁজছি একটি নিরাপদ অভয়ারণ্য-
চাই একটু স্বস্তি আর দম ফেলে থাকা।

শেলফ তাক জামা জুতো জলের ফিল্টার কেবল উঠছে ঘরে-
দো’তালার সিঁড়িতে দেখা হল ম্যানেজার নওরোজ আকবর।
- বেশ ! বেশ ! উঠে গেছেন? তা গুছিয়ে নিন সন্ধ্যেয় আসব একবার
তে’তলা নিরিবিলি আছে, পুবে আলো, দক্ষিণ খোলা-
উত্তরে একঘর আছে- একলা থাকে, শুনেছি কবি! তবে নির্ঝঞ্ঝাট!

মস্ত সে গুণী কবি-
নাম নেই ডাক নেই- গাড়ি নেই নারী নেই-
কাগজে লেখা নেই- স্লোগানে স্লোগানে ঝড় আসে না-
কেবল দিন আসে - রাত যায়;
শ্রাবণ মেঘ করে- বাদল ঝড়ে--
বর্ষার কিছু শব্দ শুনি- গ্রীষ্মের উত্তাপ বুঝি
কিন্তু পাশের ঘরের কবির কবিতা শুনি না।
একই পথে যাই আসি- অন্ধকারে চলি-ফিরি- অথচ,
পাশের ঘরের কবির সাথে আমার দেখা হয় না।

মনে মনে অস্বীকার করি নিজের দীনতা-
যেন আমার অন্তঃসার শূন্য- নিজেকে প্রকাশ করতে পারি না গানে অথবা শব্দে
এমন কেন হল-
আমার অভ্যন্তরে দাবানল, অথচ আমার হৃদয়ে নেই রক্ত;
কেবলই আমার মনে হয়েছে-
সমুদ্রের কাছে যাওয়া যায়- অরণ্যে যাওয়া যায়
মা’এর কাছে যাওয়া যায়- কিন্তু কবির কাছে যাওয়া যায় না।

তারপর-
একদিন টুথব্রাশ খুঁজতে গিয়ে বেলকনিতে দেখি অনেক লোকের ভিড়!
একুশের দুই/পাইকপাড়া- এত লোক কেন এখানে?
এত মানুষ তো কখনো দেখিনি এই গলিতে- কবির ঘরের সামনে!
দেখিনি- জীবদ্দশায় কেউ খুলেছে কবির ঘরের দ্বার;
দেখিনি - হিন্দু কবিতায় জায়নামাজ; আর মুসলমান কবিতায় কুমোরটুলি,
অথচ মদের গ্লাস যিশুখ্রিস্টের ক্রস এড়িয়ে দু’পক্ষেই যায়।
এরকম এত মাতাল মানুষ কখনো দেখিনি আগে।

পূর্বে হবে না পশ্চিমে? - উত্তরে না দক্ষিণে-
কুরানে না পুরাণে- গোলাপজল না গঙ্গাজল?
ঈশ্বর আর কবি বাদে -
‘মৃত্যু’ নিয়ে খামখেয়ালী কে করেছে কে জানে!

বাণের ভয়ে জলে যাই না-
সে’ আমারই হল ঘর- সমুদ্রের মোহনায়!
পাশের ঘরে কবি? কেন? পাশের ঘরেই কেন?
পাশের গলিতে হতে পারত, পাশের মহল্লায় হতে পারত- পাশের দেশে হলেও হোত;
কিন্তু পাশের ঘরেই--- কবি!
ক্ষণিকা

ক্ষণিকা


তোমার চুল জংগলে মুখ গুঁজে 
কীভাবে যে এতটা বড় হয়ে গেলাম; 
বিশ্বাস করো, 
নিজেকে এতখানি সুপুরুষ এর আগে কখনো ভাবিই নি।

তারপর ক্রমাগত - 
বড় হতে হতে - 
হঠাৎ চাইলাম ছোট হতে; ছোটলোক হতে! 
আবার কাঁদতে চাইলাম শিশুর মত; 
যেমন কেঁদেছিলাম জন্মের প্রথম দিন। 
প্রেমিকারা কি মায়ের মত হতে পারে? 
শিশুর কান্না থামাতে পারে?

শোনো ভালো মেয়ে- 
আসো ভালোবাসো; 
নদীর কাছে জলের গল্প করো
আর, 
রাত্রির কাছে সন্ধ্যার পবিত্রতা বলো।

সময় এলে থমকে যেও 
দমকা হাওয়া যেমন যায়; 
বিদায়ের মানপত্র পড়তে এসো না, 
চিরতরে চলে যেতে যদিওবা জানি; বিদায় জানাতে জানি না।
নারী

নারী


একজন পরিপক্ব নারীর সামনে 
নিজেকে মনে হয় যেন কর ফাঁকি দেয়া ঋণখেলাপি- 
কোথায় যেন - কিসে যেন - 
রয়ে গেছে এক আজন্মের ঋণ।

পূর্ণবতী নারীকে আমার 'নারী' বলতে ভয় হয়, 
তক্কে তক্কে থাকি কখন একটু 'নারী' বলে একান্তে ডাকতে পাব! 
তাকে তাই ডাকি পরিপূর্ণ চাঁদ- 
তাকে ডাকি রাত্রির বুকে জলের ছলাৎছল।

সৃষ্টি প্রজাতির সবচেয়ে স্পর্শকাতর - 
সবচেয়ে আরাধ্য - 
প্রাপ্তবয়স্ক নারীকে আমি ভয় পাই; 
না থাকে তার কিশোরীর চপলতা
না থাকে বৃদ্ধার স্নেহ- 
না সে ভালোবাসে - না করে সে অবহেলা 
না টানে কাছে- না ঠেলে দূরে।

আমার অতীত বর্তমান ভবিষ্যৎ, 
সবকিছু ডুবে যায় এক প্রাপ্তবয়স্কা'র চোখ সমুদ্রে।


পথচারী পারাপার

পথচারী পারাপার


রাত নিস্তেজ হলে ক্রমে ক্রমে কমে শব্দ
বাড়ে কিছু অস্ফুট অক্ষর;
নৈশব্দ নীরবতা মৌন দ্যোতনা
পোড়া মাটি বুকে কেটে দেয় স্বাক্ষর।

প্রভু-হীন কুকুরের চোখে জলের তীব্রতা
নিঃসঙ্গ নিঃশ্বাসে পায়পায়ে ছুটে যায় ব্যস্ততা;
ভীরু ইশারায় ছুঁতে চায় অজানা অদৃষ্ট ।।

কেউ তো হেঁটে যাক,
দৃঢ় বুটের বিন্যস্ত তালে-তালে পিষ্ট হোক লগবগে পাঁজর;
দ্রুতগামী আগন্তুক খুঁজে পাক নিরাপদ আশ্রয়।